বুধবার ● ৬ মে ২০২৬
আয়রন ব্রিজ ভেঙে বন্ধ যোগাযোগ, আগৈলঝাড়ায় ১০ গ্রামের মানুষ বিপাকে
হোম » বরিশাল » আয়রন ব্রিজ ভেঙে বন্ধ যোগাযোগ, আগৈলঝাড়ায় ১০ গ্রামের মানুষ বিপাকে
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালিবাড়ি নতুন হাট সংলগ্ন একটি আয়রন ব্রিজ ভেঙে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের ১০টি গ্রামের হাজারো মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় ১০-১২ বছর আগে নির্মিত ওই ব্রিজটি ৩-৪ বছর আগে থেকেই মাঝখানে দেবে যেতে শুরু করে। দীর্ঘদিন ঝুঁকি নিয়েই চলাচল করলেও ৫ মে রাতে মালবোঝাই একটি নছিমন ব্রিজের ভাঙা অংশে পড়ে গেলে সেটি সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় নছিমনের চালক পলাশ হালদার গুরুতর আহত হন।
আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার সাগরকন্যাকে বলেন, ব্রিজটি দ্রুত সংস্কার না হলে দূরদূরান্তের ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ করে দেবেন। পাশাপাশি কৃষকদের ইরি ধান পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রায় ৮-১০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বাগধা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রদীপ বাড়ৈ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, বিষয়টি জেনে সরেজমিনে পরিদর্শনের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রকৌশলীকে দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫১:২২ ● ২৫ বার পঠিত
