বুধবার ● ৬ মে ২০২৬

দশমিনায় আট শতাধিক জেলে পেল খাদ্য সহায়তা, বিতরণ ঘিরে অসন্তোষ

হোম » জেলে-মৎস্য » দশমিনায় আট শতাধিক জেলে পেল খাদ্য সহায়তা, বিতরণ ঘিরে অসন্তোষ
বুধবার ● ৬ মে ২০২৬


 

দশমিনায় আট শতাধিক জেলে পেল খাদ্য সহায়তা, বিতরণ ঘিরে অসন্তোষ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার আট শতাধিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য দপ্তর প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন মজুমদারসহ উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

 

মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার আট শতাধিক জেলের মাঝে জনপ্রতি দুই মাসের জন্য ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু এবং ১০ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। তবে বিতরণকৃত আলুর মধ্যে কিছু পচা থাকার অভিযোগ পাওয়া গেছে।

 

এদিকে প্রকৃত জেলেরা খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক জেলে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

বঞ্চিত জেলে নুরু চৌকিদার জানান, তিনি বাঁশবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তেতুলিয়া নদীর একজন নিয়মিত জেলে। তার অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রকৃত জেলেদের বাদ দিয়ে স্বাবলম্বী ব্যক্তিদের টোকেন দিয়েছেন। এতে নিষেধাজ্ঞা চলাকালে তিনি পরিবার নিয়ে দুর্ভোগে পড়বেন বলে জানান তিনি। একই সঙ্গে প্রকৃত জেলেদের মধ্যে সঠিকভাবে খাদ্য সামগ্রী বিতরণের দাবি জানান।

 

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সাগরকন্যাকে জানান, নুরু চৌকিদারকে তিনি পূর্বেও বিভিন্ন সুবিধা দিয়েছেন এবং পরবর্তী বাজেটে তাকে তালিকাভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন মজুমদার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৬ ● ২৪ বার পঠিত