বুধবার ● ৬ মে ২০২৬
কলাপাড়ায় ‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া’ কার্যক্রম শুরু
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া’ কার্যক্রম শুরু

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া (পটুয়াখালী) থেকে
‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া, পরিচ্ছন্ন সবুজে ঘেরা কলাপাড়া পৌরসভা’- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে পারিবারিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলাপাড়া পৌরশহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শহরের মাঝ দিয়ে প্রবাহিত ড্রেনেজ খালে পারিবারিকসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি। পাশাপাশি খালটি খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এবং টিম-৯১ এর সমন্বয়কারী মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।
পৌর প্রশাসক কাউছার হামিদ জানান, পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে শহরের ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, প্রতিটি পরিবারকে বর্জ্য সংগ্রহের জন্য একটি করে বালতি দেওয়া হয়। এ সেবার জন্য প্রতি পরিবার থেকে মাসিক ১০০ টাকা সেবামূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২০ ● ১০৬ বার পঠিত
